নমস্কার দর্শক বন্ধু! এখন বলব মীন রাশি অর্থাৎ মীন রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে; সেই সঙ্গে জানাব নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
সর্বপ্রথম বলব, লেখাটি যত্ন করে রাখুন এবং মাঝে মাঝে দেখবেন; কারণ আমার এই ভবিষ্যদ্বাণী আপনার জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাবে। যাই হোক, এই মুহূর্তে শনিগ্রহ মীন রাশির গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনার লগ্নে শনির সাড়েসাতি চলছে। ফলে বছরের শুরু থেকেই আপনার নিজের নানা কাজে বাধা আসতে পারে এবং কর্মক্ষেত্রেও কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। অনেকেই হয়তো আপনাকে পাথর, কবজ ইত্যাদি ধারণের পরামর্শ দিতে পারে; কিন্তু আমি বলব—কোনো কিছুই ধারণ করতে হবে না। সর্বক্ষণ পবিত্র থাকুন, অসৎ পথে অর্থ উপার্জন এবং ব্যভিচার থেকে দূরে থাকুন। কাউকে ঠকাবেন না, নিজেও ঠকবেন না।
সেই সঙ্গে প্রতিদিন না হলেও নিয়মিত অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী হনুমানজির পূজা ও চালিসা পাঠ এবং শ্রীশ্রী মা দক্ষিণাকালীর পূজা করতে ভুলবেন না। অবশ্য আগামী ৩০শে জুলাই থেকে ৯ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পাবেন। তবে এই সময় শারীরিক দুর্বলতার কারণে আপনি হয়তো অধৈর্য হয়ে উঠতে পারেন।
শুভ সময় ও কর্মজীবন
১৫ই জানুয়ারি থেকে ২৩শে মার্চ ২০২৬-এর মধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। অনেকেরই নতুন কর্মসংস্থান হতে পারে অথবা কেউ পেতে পারেন পদোন্নতি। বিশেষ করে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, চিকিৎসক, চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি এবং সংগঠনের নেতা-নেত্রীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হয়ে উঠতে পারে। সুযোগ আসন্ন বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১৩ই নভেম্বর ২০২৬ সকাল পর্যন্ত কর্মক্ষেত্রে উন্নতির সাথে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল।
আত্মীয় ও পরিবার
এই মুহূর্তে ভ্রাতা-ভাগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। আপনার ভ্রাতা-ভাগ্নির নানা ধরনের উন্নতির সম্ভাবনাও প্রবল; বিশেষ করে ২রা মার্চ থেকে ২৫শে মার্চ ২০২৬-এর মধ্যে। কিন্তু আগামী ১লা আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তাদের জীবনে নানা ধরনের বাধা-বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্য ৩রা সেপ্টেম্বর থেকে তারা ক্রমশ সুস্থ হয়ে উঠবে।
বর্তমানে আপনার মা এবং শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক বেশ ভালো থাকলেও শ্বশুরালয়ের কিছু আত্মীয় আপনার সাথে গুপ্ত শত্রুতা করতে পারে; একটু সতর্ক থাকবেন। আগামী ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে নিজের মা, শাশুড়ি মা এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। এই সময়ে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। এমনকি যাদের ডিভোর্সের মামলা চলছে, তাদের অনেকেরই আইনি বিচ্ছেদ ঘটে যেতে পারে।
ব্যক্তিত্ব ও সন্তান
মীন লগ্নে জন্মানো জাতক-জাতিকাগণ অত্যন্ত বুদ্ধিমান ও প্রতিভাবান হয়ে থাকেন। তবে এদের বিদ্যায় উত্থান-পতন লেগেই থাকে। এরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকেন যে সময়মতো সন্তান-সন্ততির প্রতি লক্ষ্য রাখতে পারেন না। ফলে সন্তান প্রতিভাবান হওয়া সত্ত্বেও সঠিক যত্নের অভাবে নিজের প্রতিভার বহিঃপ্রকাশে অসামর্থ্য হতে পারে। মীন লগ্নের শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাবান ও প্রতিষ্ঠিত হলেও সরাসরি ক্রোধ প্রকাশ করতে পারে না, তবে পেছন থেকে প্রতিশোধপরায়ণ হয়ে থাকে।
আর্থিক অবস্থা
এই মুহূর্তে আয় এবং ব্যয় প্রায় সমপরিমাণ হতে পারে। তবে ৩০শে জুলাই থেকে ৯ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। এছাড়া বছরের শুরুতে অর্থাৎ ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা
মীন রাশির জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহে ও বস্ত্রে শালিক পাখিকে কিছু খাবার এবং জল দিন। সেই সঙ্গে সাদা বাছুরসহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন এবং সহসা গরু বা শালিক পাখি দেখতে পান না, তারা একজোড়া শালিক পাখির ছবি অথবা মূর্তির সামনে খাবার ও জল দিতে পারেন। একইভাবে চীনামাটি বা পাথরের সাদা বাছুরসহ গরুর মূর্তির সামনে দুটি পাত্রে গুড় ও রুটি খেতে দিতে পারেন (প্রতিদিন তা পাল্টে দেবেন)। দেখবেন সময়টি ক্রমশ আপনার অনুকূলে আসবে এবং জীবনে অর্থের অভাব হবে না।
- শুভ রং: লাল এবং হলুদ।
- শুভ সংখ্যা: ৫ এবং ৭।
- শুভ দিন: মঙ্গলবার এবং বৃহস্পতিবার।
- পরামর্শ: সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন।
হিন্দু সনাতনীরা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রী মা তারার পূজা করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হবে। ২০২৬ সালে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনাই করি।
