নমস্কার বন্ধু! এখন বলব বৃশ্চিক লগ্ন অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে ২০২৬ সালের কোন মাসে কী ঘটতে পারে, সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা।
বছরের শুরুতেই নিজের গুরুস্থানীয় ব্যক্তির কোনো অসুস্থতার দরুন অথবা তাঁর শখ-আহ্লাদ পূরণ করার জন্য নানাভাবে অর্থব্যয় ঘটতে পারে। অবশ্য ১৭ই মার্চের পর তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী ২রা জুন থেকে ১লা নভেম্বর পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। ওই সময়ে আপনার কার্যক্ষমতা এবং বুদ্ধিমত্তায় অনেকেই আপনার প্রতি মুগ্ধ হয়ে আকর্ষিত হতে পারে; শুধু তাই নয়, ওই সময়ে নানাভাবে আপনার সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। তাই আমার একান্ত অনুরোধ, ওই সময়টি কাজে লাগিয়ে আর্থিক উন্নতির শিখরে পৌঁছতে চেষ্টা করবেন।
বছরের শুরু থেকে ভ্রাতা-ভগ্নির সান্নিধ্যে এবং তাঁদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা; বিশেষ করে ২১শে জানুয়ারি থেকে ১৭ই মে ২০২৬ পর্যন্ত নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় সামান্য বাধা আসতে পারে, কিন্তু ১৬ই মার্চের পর ক্রমশ বিদ্যায় মনোসংযোগের সম্ভাবনা প্রবল এবং ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতিসহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। ওই সময়ে কেউ পেতে পারে স্কলারশিপ বা ওই ধরনের অনুদান—বিশেষ করে যাঁরা মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি ডিগ্রি অর্জনের চেষ্টায় আছো।
১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে নানাভাবে বাণিজ্যে উন্নতিসহ খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এবং একই সময়ে জায়া (অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী)-র সুপরামর্শে বাণিজ্যে ও আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু শখ-আহ্লাদের কারণে নানাভাবে অর্থব্যয়ের সম্ভাবনাও প্রবল। ১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে পিতৃ-আশীর্বাদসহ ঘটতে পারে নতুন কর্মসংস্থান। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে।
বৃশ্চিক লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকার ভাগ্যের উত্থান-পতন লেগেই থাকে; অবশ্য কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে শুক্লপক্ষের পঞ্চমীর মধ্যে নানাভাবে ভাগ্যোদয়সহ বেশ সুস্থ থাকবেন এবং প্রায় সব কাজে জয়ী হবেন—এতে কোনো সন্দেহ নেই। তাই আমার একান্ত অনুরোধ, এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। যদিও ১৭ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত সময়টি আপনার প্রতিকূল হতে পারে এবং ওই সময় নানাভাবে ভাগ্যবিড়ম্বনার শিকার হতে পারেন। এই মুহূর্তে সামান্য আর্থিক প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে এবং ১১ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে কর্ম-বাণিজ্য তথা আয়ের পথে নানা ধরনের বাধা আসতে পারে। শুধু তাই নয়, আগামী ১লা আগস্ট থেকে ২রা সেপ্টেম্বরের মধ্যে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি এবং একই সঙ্গে বাণিজ্যে অবনতির কারণে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। যদিও ১০ই সেপ্টেম্বর ২০২৬ থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন, তবুও তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
অবশ্য আগামী ৮ই আগস্ট থেকে ২৬শে আগস্টের মধ্যে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা-নেত্রী, শিক্ষক-শিক্ষিকা, আইনজ্ঞ, চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, সাংবাদিক, জাদুকর ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ—৮ই আগস্ট থেকে ২৬শে আগস্ট ২০২৬, ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি এবং ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যের সময়টিকে কাজে লাগাবার চেষ্টা করবেন; এত বড় সুযোগ এ বছরে আর নাও আসতে পারে।
তাছাড়া ১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে আপনার সন্তান-সন্ততির নানা উন্নতি সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে; কারও ঘটতে পারে পদোন্নতি, কেউ পেতে পারে প্রশাসনিক পদ। কিন্তু আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে ওদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। ওই সময়ে কিছু বিদ্যার্থীর পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে; চিন্তা করবেন না, এর প্রতিকার বলছি। ২রা জুন থেকে ১লা নভেম্বরের মধ্যে বিদ্যার্থীগণের যেকোনো পরীক্ষায় অভাবনীয় সাফল্য আসতে পারে।
১৫ই জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আপনার শারীরিক ক্ষমতা আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। কিন্তু আপনার নিকটস্থ অর্থাৎ জ্ঞাতি-শত্রুরা আপনাকে বারবার ডমিনেট করার চেষ্টা করবে; একটু সতর্ক থাকবেন। ১লা মার্চ থেকে ২৪শে মার্চের মধ্যে স্বামী-স্ত্রী তথা প্রেমিক-প্রেমিকার সুসম্পর্ক বজায় থাকবে। কারও জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। কোনো জাতিকা হঠাৎই গর্ভবতী হতে পারেন। কিন্তু ১লা আগস্ট থেকে ২রা সেপ্টেম্বরের মধ্যে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন।
বৃশ্চিক লগ্নে জন্ম নেওয়া জাতক-জাতিকাগণের জন্য সারা বছর শুক্লপক্ষের সপ্তমী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত নানাভাবে ভাগ্যোদয় ঘটবে। কিছু জাতক-জাতিকার এ বছর ১৫ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৬-এর মধ্যে ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান। সংগঠনের নেতা-নেত্রী পেতে পারেন দীর্ঘ স্বপ্নের পদটি, কেউ আবার আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য পেতে পারেন মনোনয়নপত্র। তবে মনোনয়নপত্র তোলার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ব্যক্তিগণ সাক্ষাতে জেনে যেতে পারেন অথবা কল করতে পারেন।
নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা:
বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক-জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুরসহ গরুকে পবিত্র খাবারসহ গুড় এবং রুটি, সেই সঙ্গে জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হয়ে উঠেছে এবং জীবদ্দশায় কোনো রকম ধন-ঐশ্বর্যের অভাব হবে না।
- শুভ রং: গোলাপী এবং হলুদ।
- শুভ সংখ্যা: ৩ এবং ৭।
- শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার।
- বিশেষ টিপস: সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন; আশা করি অবশ্যই সফল হবেন।
হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে, আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা-বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন।
২০২৬-এ আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
